পেকুয়া প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরাম (সিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা-২০২৬, বিদায়ী সংবর্ধনা, নবীনবরণ এবং নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ, একাডেমিক উৎকর্ষ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্য, শিক্ষক এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত অ্যালামনাই অংশ নেন। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর কুটুমবাড়ি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং ২০২৪ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। একই অনুষ্ঠানে ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও চুয়েটের পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য। তিনি বলেন, কেবল ভালো প্রকৌশলী হওয়াই যথেষ্ট নয়; একজন শিক্ষার্থীকে দক্ষ সংগঠক, দায়িত্বশীল নাগরিক এবং মানবিক নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। কক্সবাজার স্টুডেন্টস ফোরাম সেই নেতৃত্ব তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরশেদুল মামুন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় দাশ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মাহমুদ, ডিজিডেন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সংগঠনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দিন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রভাষক ও ফোরামের সাবেক সাধারণ সম্পাদক প্রতিক বড়ুয়া এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইমরান দিনারসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি ২২ ব্যাচের শিক্ষার্থী মোস্তফা ও সাদিদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে অতিথিদের বক্তব্য, বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান, নবীন শিক্ষার্থীদের পরিচয়পর্ব, ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারী শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা। বর্তমান সভাপতি আবু জাফর এবং সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম ফরহাদের নেতৃত্বে ঘোষিত কমিটিতে কুতুবদিয়া উপজেলার সন্তান ও চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলামকে সভাপতি এবং টেকনাফ উপজেলার সন্তান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহতাসামুল হক মাসুম (এডমিন), তাওহিদুল ইসলাম (টেকনিক্যাল), শাহরিয়ার পারভেজ রাহাত (ম্যানেজমেন্ট), আবরার সিয়াম (ক্রীড়া), আফনান রাফিদ, মো. জিয়া উদ্দিন, সৌরভ দাস, ফাহিম শাহরিয়ার জুনায়েদ, রাহিমা ইয়াসমিন রাহিন, সাইফুল ইসলাম বাপ্পি, আবির হোসাইন, সাদিয়া সাইমা শিমু, সাদিয়া আমিন নিসসাত ও আইনানি তাজরিয়ান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ আল মোস্তফা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফুয়াদ আল মাহদি মাহি।
নবমনোনীত সভাপতি কামরুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য কক্সবাজার স্টুডেন্টস ফোরামকে একটি প্রযুক্তিনির্ভর, দক্ষতা উন্নয়নমুখী ও শিক্ষার্থীবান্ধব সংগঠনে রূপান্তর করা। আধুনিক ওয়েবসাইট, অ্যালামনাই নেটওয়ার্ক, ক্যারিয়ার গাইডলাইন, প্রোগ্রামিং ও সফট স্কিল প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং সিনিয়র-জুনিয়র মেন্টরশিপের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, “ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত সক্ষমতা বাড়াতে নিয়মিত সেমিনার, কর্মশালা, শিল্পকারখানা ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন, স্টাডি ট্যুর, ক্যারিয়ার কাউন্সেলিং, উচ্চশিক্ষা বিষয়ক দিকনির্দেশনা এবং দক্ষতা উন্নয়নমূলক নানা উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে কক্সবাজার জেলার মেধাবী শিক্ষার্থীদের চুয়েটে ভর্তির বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজার স্টুডেন্টস ফোরাম দীর্ঘদিন ধরে চুয়েটে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, শিক্ষাবিষয়ক পরামর্শ, আর্থিক ও মানসিক সহায়তা, সাংস্কৃতিক সম্প্রীতি এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষপর্বে নবমনোনীত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত শিক্ষক, অ্যালামনাই এবং শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে কক্সবাজার স্টুডেন্টস ফোরাম চুয়েটে অধ্যয়নরত কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য আরও শক্তিশালী, আধুনিক ও কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
