জসিম উদ্দিন টিপু, টেকনাফ :

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার (২ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল ক্যাম্প-১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার পলাতক আসামি মাস্টার আব্দুস শুক্কুর আলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাস্টার আব্দুস শুক্কুর আলম রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট), ব্লক-সি/৪-এর বাসিন্দা। তিনি এফসিএন নম্বর-১৫০৮৮২ধারী মোহাম্মদ ইলিয়াছের ছেলে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপনে ছিলেন। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৫-এর গোয়েন্দাভিত্তিক ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।