হ্যাপী করিম, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ শিকদারপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২ জুলাই (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম হাসান রেজা (৮)। স্থানীয় বাদশা মিয়া’র পুত্র, সে কুতুবজোম মগকাটা দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার একজন ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অসাবধানতাবশত জামে মসজিদের পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় হাসান রেজা। ২/৩ ঘণ্টা পরে স্বজনরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক জানান, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
নিষ্পাপ শিশু হাসান রেজার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, আজ রাত ৯ ঘটিকার সময় লাল মোহাম্মদ শিকদারপাড়া জামে মসজিদের মাঠে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
