জসিম উদ্দিন টিপু, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) বিকেলে র‍্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুহাম্মদ ছালাম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুহাম্মদ ছালাম টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া গ্রামের মুহাম্মদ মোজাফফর আহমদের ছেলে বলে জানা গেছে।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে র‍্যাবের এ ধরনের গোয়েন্দাভিত্তিক ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।