জসিম উদ্দিন টিপু, টেকনাফ :

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় টেকনাফ উপজেলা থেকে ১ হাজার ৩২৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬৭০ জন ছাত্র এবং ৬৫৩ জন ছাত্রী। উপজেলার তিনটি কলেজ ও তিনটি মাদ্রাসার শিক্ষার্থীরা মোট চারটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টেকনাফ এজাহার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে টেকনাফ ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা অংশ নেবেন। এ কেন্দ্রে ৪০০ জন ছাত্র ও ৩৫৯ জন ছাত্রীসহ মোট ৭৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৩৭ জন ছাত্র ও ১৫৫ জন ছাত্রীসহ মোট ২৯২ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এবং জমিরিয়া দারুল কোরআন আলিম মাদ্রাসার ৭৬ জন ছাত্র ও ১২০ জন ছাত্রীসহ মোট ১৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

এ ছাড়া টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৭ জন ছাত্র ও ১৯ জন ছাত্রীসহ মোট ৭৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

ইতোমধ্যে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। চারটি কেন্দ্রের জন্য চারজন তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। টেকনাফ এজাহার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন, হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম এবং টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপসহকারী প্রকৌশলী রূপক ইসলাম দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিদিন পরীক্ষা কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।