জসিম উদ্দিন টিপু, টেকনাফ :
টেকনাফে অপহরণের শিকার পল্লী চিকিৎসক ডা. আক্তার কামাল ওরফে ডা. কামালের খোঁজ নিতে তাঁর গ্রামের বাড়ি বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়া বাঘঘোনা জুম্মাপাড়া এলাকায় যান জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
এ সময় তিনি অপহৃত পল্লী চিকিৎসকের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় মুরব্বিদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরিবারের সদস্য ও স্থানীয়দের উদ্দেশে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, যেকোনো দুর্যোগ-দুর্ভোগে তিনি সবসময় তাদের পাশে থাকবেন। উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ এ এলাকায় কিছু অপরাধী চক্রের কারণে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এসব সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার মাধ্যমে অপরাধ দমনে জনসাধারণকে এগিয়ে আসতে হবে।
এ ছাড়া বাহারছড়া নোয়াখালীয়া পাড়াসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও উপস্থিত লোকজনকে আশ্বস্ত করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৭ জুন (শনিবার) সকালে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার বাঘঘোনা জুম্মাপাড়া এলাকা থেকে পল্লী চিকিৎসক ডা. আক্তার কামাল ওরফে ডা. কামালকে অপহরণ করা হয়। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাকে উদ্ধার করতে পারেনি।
