জসিম উদ্দিন টিপু, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) সকালে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় নাজিরপাড়া বিওপির একটি বিশেষ টহল দল আলোগোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মৎস্যঘের এলাকায় অবস্থান নেয়। সকাল ১১টার দিকে নাফ নদী পেরিয়ে তিন ব্যক্তি বেড়িবাঁধে এসে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে স্থানীয় এলাকায় ঢুকে পড়লেও একজনকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার দক্ষিণ ডেইলপাড়া এলাকার হোসন আহমদের ছেলে আজিজুল হক (৩৮) বলে জানা গেছে।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
