জসিম উদ্দিন টিপু, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ বিওপির বিজিবির একটি বিশেষ দল শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদীতে অভিযান চালায়। এ সময় একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে লক্ষাধিক ইয়াবা উদ্ধার করা হয় এবং জাগির হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক জাগির হোসেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার আব্দুল হক ও ফাতেমা খাতুনের ছেলে বলে জানা গেছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
