এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মোহনা দক্ষিণ ঘুনিয়া এলাকায় বাহাদুর গং ও প্রবাসী ওসমানের বাউন্ডারি দেয়ালের কারণে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হন।

স্থানীয়রা এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফাঁসিয়াখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রূপায়ন দেবের দৃষ্টি আকর্ষণ করেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বর্ষার মধ্যেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যার প্রকৃতি সম্পর্কে অবগত হন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব তাৎক্ষণিকভাবে বিরোধে জড়িত উভয় পক্ষকে উপস্থিত করেন। ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুতুব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয় এবং স্থায়ীভাবে পানি চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হয়।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দীর্ঘদিনের এ বিরোধ নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের দ্রুত ও কার্যকর উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. কুতুব উদ্দিন বলেন, “দক্ষিণ ঘুনিয়া এলাকায় বাহাদুর গং ও প্রবাসী ওসমানের বাউন্ডারি দেয়ালের কারণে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক করেও সমস্যার সমাধান হয়নি। পরে এসিল্যান্ড রূপায়ন দেব সরেজমিনে এসে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ীভাবে পানি চলাচলের ব্যবস্থা নিশ্চিত করেন। এতে এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত।”