এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুহুরীপাড়া সড়কের ৭০ মিটার অংশ আরসিসি (RCC) ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উন্নয়ন বরাদ্দ থেকে এ কাজ বাস্তবায়ন করা হয়।
সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়িত হওয়ায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে স্থানীয়দের প্রত্যাশা।
মাতামুহুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আহসানুল কাদের চৌধুরী সাব্বির সড়কটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও বদরখালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি) বখতিয়ার উদ্দিন রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রায় চার হাজার মানুষের প্রধান যাতায়াতের পথ মুহুরীপাড়া সড়কটি। প্রতিদিন অন্তত পাঁচ শতাধিক মানুষ এ সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।
এ পরিস্থিতিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৭০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হয়।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য বখতিয়ার উদ্দিন রুবেল বলেন, “আমাদের ওয়ার্ডের তিনটি প্রধান সড়কের মধ্যে মুহুরীপাড়া সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এটি বেহাল অবস্থায় ছিল। বর্ষাকালে মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। বর্তমানে আরসিসি সড়ক নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত সহজ হয়েছে এবং সাধারণ মানুষও স্বস্তি পেয়েছেন।”
তিনি দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আহসানুল কাদের চৌধুরী সাব্বির বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে মুহুরীপাড়া সড়কের উন্নয়ন করা হয়েছে।
তিনি বলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর নির্বাচনী এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন। মুহুরীপাড়া সড়কটি নির্মাণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে, গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে বলেন, “মুহুরীপাড়া সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এটি ক্ষতিগ্রস্ত থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছিল। স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর উন্নয়ন বরাদ্দ থেকে ৭০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা হয়েছে। এতে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে।”
