সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশের সময় ছয়জন বাংলাদেশি নাগরিক এবং তাদের সহায়তাকারী এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্তের শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে গোপালগঞ্জ জেলার দুজন এবং মাদারীপুর জেলার চারজন বাসিন্দা রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন। তাদের দেশে ফেরার আইনি প্রক্রিয়া এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে বিজিবি।

অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতা করার অভিযোগে স্থানীয় এক মানব পাচারকারীকে আটক করা হয়। এছাড়া, এই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়, যাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার রোধে বিজিবির নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।