আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার ঘুমধুম সীমান্তের জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি চালান দেখতে পেয়ে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
