নাছির উদ্দিন সোহেল, সিবিএন
সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া কক্সবাজার সিটি কলেজের ৪৭৮ শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ফল পুনর্নিরীক্ষণের আবেদনের পাশাপাশি ফল পরিবর্তন না হলে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
কলেজের ফলাফল বিশ্লেষণ অনুযায়ী, এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৩১০ জন এবং দুই বিষয়ে ১৬৮ জন শিক্ষার্থী। এ ছাড়া তিন বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১৮৫ জন। সব মিলিয়ে ৬৯০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার পাশাপাশি প্রযোজ্য নিয়ম অনুযায়ী পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে পারবেন।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। অন্যথায় পরবর্তী পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী জানান, পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে না, তাঁদের হতাশ না হয়ে পরবর্তী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীদের সহযোগিতায় প্রয়োজন হলে যেসব বিষয়ে তাঁরা অকৃতকার্য হয়েছেন, সেসব বিষয়ে আলাদা ক্লাসের ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের এ পরিস্থিতি কাটিয়ে উঠতে কলেজ কর্তৃপক্ষ আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। কোনো শিক্ষার্থী যেন প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার অভাবে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি সচেষ্ট রয়েছে।
কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কলেজে যোগাযোগ করে ফল পুনর্নিরীক্ষণের আবেদন এবং পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
