এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌর শহরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, বেকারিসহ খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম এবং চকরিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলীর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের দুজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য আইন, ২০১৩, নিরাপদ খাদ্য (খাদ্য ব্যবসায়ীর বাধ্যবাধকতা) প্রবিধানমালা, ২০২৬, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের খাদ্যদ্রব্যের মান, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ প্রক্রিয়া এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হয়।

এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় অবস্থিত ইনানী ফুড অ্যান্ড রিসোর্ট, ইনানী ফুড অ্যান্ড সুইট এবং চকরিয়া পৌর শহরের কাশ্মীরী ডাইন রেস্টুরেন্ট ও ধানসিঁড়ি রেস্টুরেন্টের কার্যক্রম মনিটরিং করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম জানান, মনিটরিংকালে বিভিন্ন অসংগতি এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান পাওয়া যায়। এসব উপাদান তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় এবং প্রচলিত আইন ও বিধিবিধান মেনে হোটেল-রেস্টুরেন্ট পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।