পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পাটকাঠিবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি বোঝাই করা বিপুল পরিমাণ পাটকাঠি ছাই হয়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাকের চালক ও সহকারী (হেলপার)। এ ঘটনায় ট্রাক ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমোড়া স্টেশন এলাকায় আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে আনা পাটকাঠিগুলো শিলখালীর কাছারিমোড়া এলাকার ব্যবসায়ীদের কাছে সরবরাহের জন্য নিয়ে আসা হচ্ছিল। রুকন নামে স্থানীয় এক ব্যক্তি এসব পাটকাঠি সরবরাহের দায়িত্বে ছিলেন। সাধারণত রাতে পাটকাঠিবোঝাই ট্রাক চড়াপাড়া স্টেশনে পৌঁছে কিছু সময় অবস্থান করে। পরে সকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সেখান থেকে মালামাল সংগ্রহ করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ট্রাকটিতে তুলনামূলক বেশি উচ্চতায় পাটকাঠি বোঝাই করা হয়েছিল। ফলে সড়কের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলাচল করা প্রয়োজন ছিল। কিন্তু চালক নতুন হওয়ায় ওই সড়কের ঝুঁকি সম্পর্কে তাঁর পর্যাপ্ত ধারণা ছিল না। রাত ৩টার দিকে চড়াপাড়া স্টেশনে না থেমে সরাসরি কাছারিমোড়ার দিকে যাওয়ার পথে আইডিয়াল স্কুলের সামনে সড়কের ওপর থাকা বিদ্যুতের তারের সঙ্গে ট্রাকে বোঝাই করা পাটকাঠির সংস্পর্শ ঘটে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।
আগুন দেখতে পেয়ে চালক দ্রুত ট্রাকটি থামিয়ে হেলপারসহ নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রাক ও অধিকাংশ পাটকাঠি পুড়ে ছাই হয়ে যায়।
উলফুল ও পাটকাঠি ব্যবসায়ী সমিতির নেতা নুরুল হোসেন বলেন, এ দুর্ঘটনায় মালামালসহ পুরো গাড়িটি পুড়ে গেছে। মহান আল্লাহ চালক ও হেলপারকে রক্ষা করেছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া।
