মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)

বান্দরবান জেলার লামা উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হানিফ ও নুর মোহাম্মদ নামের দুই শিশুও।

সোমবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার হ্লাথুই পাড়া ও আব্দুল্লাহ ঝিরি পাড়ায় পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃতরা হলেন- হ্লাথুই পাড়ার বািসন্দা খ্যইচিং মার্মার ছেলে মংপ্রু মার্মা (৪০) ও বড়ছনখোলা পাড়ার বাসিন্দা মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রিস্টান মোমোরিয়াল হাসপাতালে ভর্তি করেছেন।

কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মোমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।