মোঃ আরাফাত সানি, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ টন ইউরিয়া সারসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর রাত ২টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজের মাধ্যমে ‘অপারেশন সার সুরক্ষা’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি জব্দ করতে সক্ষম হন।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি (১০ টন) ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা সার ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
