নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ওলামায়ে কেরাম আমাদের রাহবার এবং দীনের ধারক-বাহক। ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওলামায়ে কেরাম সকলের চেয়ে অগ্রগণ্য। ইসলামই আল্লাহ নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান। তাই ইসলামী জীবন বিধান কায়েমে ওলামায়ে কেরাম কে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
৩১ অক্টোবর শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।
মাজলিসুল মোফাসসিরিন কক্সবাজার জেলা সভাপতি মাওলানা শফিউল হক জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, বিভেদ আর বৈষম্যের বিপরীতে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভূমিকায় দেশবাসী প্রত্যাশা করে। মানুষের প্রত্যাশা পূরণে আলেমদের ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। পৃথিবীর দেশে দেশে আজ মুসলিম জাতি নির্যাতন ও নিষ্পেষনের শিকার। আরাকান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম উম্মাহ আজ অধিকার হারা। সঠিক নেতৃত্ব ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারলে পৃথিবীর কোন শক্তি মুসলিম উম্মাহ কে দমিয়ে রাখতে পারবে না। তাই আজ সময়ের প্রয়োজন ইত্তিফাক ও ইত্তিহাদ থাকা। রাজনৈতিক ও আক্বিদাগত মতপার্থক্যের উপরে উঠে উম্মাহর চেতনায় ঐক্যবদ্ধ থাকা।
মাজলিসুল মোফাসসিরিন জেলা সেক্রেটারি মাওলানা আবুল ফজলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, চট্টগ্রাম বিভাগ সেক্রেটারি ড. মাওলানা আবুল কালাম আজাদ, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক।
এছাড়া বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।