নিজস্ব প্রতিবেদক;

ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের মাধ্যমে নতুন এই ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এতে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জোড়ায়। নতুন এই সার্ভিসের মাধ্যমে প্রতিদিন প্রায় দেড় হাজার অতিরিক্ত যাত্রীর রেলপথে যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭ দশমিক ৮৩ কিলোমিটার পথে চলাচল করবে ট্রেনটি। ঢাকা ও কক্সবাজার স্টেশন ছাড়াও বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে। নতুন সার্ভিস চালুর ফলে কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি প্রত্যাহার করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ট্রেনটি রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬টায়। অন্যদিকে, কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। উভয় পথে যাত্রার নির্ধারিত সময় ৯ ঘণ্টা ৩০ মিনিট।

ট্রেনটির রেকের বেইজিং, পানি সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম কক্সবাজারে সম্পন্ন হবে। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। ট্রেনটিতে আসনসংখ্যা যথাক্রমে ৭৩৬ ও ৭০৬টি। আগের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী যাত্রীদের ভাড়া পরিশোধ করতে হবে।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুই জোড়া ট্রেন চলাচল করছে। পর্যটন নগরী কক্সবাজারে রেলপথে যাতায়াতের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

সরকারের নির্বাচনী ইশতেহারে আন্তনগর রেলসেবা সম্প্রসারণের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। নতুন সার্ভিস চালুর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন এলাকার যাত্রীরাও সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।