বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির ভেতর থেকে আগুন বের হওয়া ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধযুক্ত আগুন বের হওয়ায় ধারণা করা হচ্ছে, মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ইনানীর ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় এক ব্যক্তি পারিবারিক নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে এ ঘটনা ঘটে।
আগুনের প্রবাহ বেশি থাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী একটি রেস্তোরাঁয় কাজ করেন আবদুল্লাহ আল মামুন নামের এক যুবক। তিনি বলেন, যেখানে আগুনের সৃষ্টি হয়েছে তার পাশেই আমার বাসা, ফায়ার সার্ভিস এসেছে। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি।
অন্যদিকে আগুন জ্বলতে থাকার কারণে বৈদ্যুতিক খুঁটির তারে তা লেগে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী-পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
