নিজস্ব প্রতিবেদক;

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ফিশারিঘাট এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও প্রায় তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাছুমা সিমা প্রকাশ শিমু (৪৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে চাক্তাই বেড়া মার্কেট কলোনির একটি বাসায় এ অভিযান পরিচালনা করে বাকলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেনের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় গ্রেপ্তার হওয়া নারী নিজেই চাবি দিয়ে একটি কক্ষের দরজা খুলে দেন। পরে ওই কক্ষে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা এবং বিভিন্ন মূল্যমানের নোটসহ প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাছুমা সিমা প্রকাশ শিমু বাকলিয়ার মাস্টারপোল এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চাক্তাই বেড়া মার্কেট কলোনিতে বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে বাকলিয়া থানাসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ১০৮ পিস, অন্য মামলাগুলোতে যথাক্রমে ৩৮৮, ১৪৮, ৯৮৮, ২৩৮ ও ১ হাজার ১৮৮ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদে আটক নারী একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন। কখনো তিনি দাবি করেন, টাকাগুলো ভাগ্নের কাছে রাখার জন্য দেওয়া হয়েছিল। আবার কখনো বলেন, বাড়ির কাজের জন্য ভাইয়ের কাছ থেকে টাকা এনেছেন। তবে উদ্ধার হওয়া ইয়াবার মালিকানা সম্পর্কে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযান পরিচালনাকারী এসআই মো. মোবারক হোসেন বলেন, “গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে আমরা ওই এলাকায় গিয়েছিলাম। পরে ফিশারিঘাট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার খবর পেয়ে সেখানে যাই। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি বাসায় মাদক বিক্রি হচ্ছে। এরপর অভিযান চালিয়ে এক নারীকে আটক করা হয়।”

তিনি আরও বলেন, “আটক নারী নিজেই চাবি দিয়ে বাসার একটি কক্ষ খুলে দেন। ওই কক্ষে থাকা একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এবারও ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ফিশারিঘাট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের পর ওই এলাকায় পুলিশের তৎপরতা জোরদার করা হয়।