সংবাদ বিজ্ঞপ্তি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে টেকনাফে অপহরণ বন্ধে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান, সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহমান আরিফী এবং সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম আবরার।
নেতৃদ্বয় বলেন, “দীর্ঘ ৭৫ ঘণ্টা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করছেন টেকনাফের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ রিদুয়ান ও সাইফুল ইসলাম জিহাদী। অথচ এত দীর্ঘ সময় অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তাঁরা আরও বলেন, “অনতিবিলম্বে টেকনাফে অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের চলমান অনশন কর্মসূচির অবসান ঘটাতে হবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
নেতৃদ্বয় বলেন, “অংশনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা পূর্ণ একাত্মতা প্রকাশ করছে। পাশাপাশি ঢাকায় অবস্থানরত কক্সবাজারের সর্বস্তরের শিক্ষার্থীদের এ দাবির পক্ষে ঐক্যবদ্ধ ও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।”
পরিশেষে তাঁরা অনশনরত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা, নিরাপত্তা এবং তাঁদের ন্যায্য দাবির শান্তিপূর্ণ ও দ্রুত বাস্তবায়ন কামনা করেন।