রামু প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের রামু উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক বসতবাড়ি, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের তলিয়ে গেছে। অনেক সড়ক পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পানিবন্দি মানুষ বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকটে রয়েছেন। অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ত্রাণ সহায়তা ও জরুরি উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান জানান, আগামী কয়েক দিন টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাহাড়ধসেরও আশঙ্কা রয়েছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জেলার ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে আশ্রয়কেন্দ্র চালু এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরও বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের অপ্রয়োজনীয় বাইরে চলাচল থেকে বিরত থাকার এবং নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে প্রশাসন।