আবু মোর্শেদ চৌধুরী:
সরকারের উচিত যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কারণ, সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।
একজন প্রশাসক বা ইউএনও’র একটি স্বাক্ষরের জন্য দূর-দূরান্ত থেকে এসে মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। অথচ সেই একটি স্বাক্ষরের ওপর নির্ভর করে একজন অসুস্থ মানুষের বিদেশে চিকিৎসার জন্য পাসপোর্ট, একজন শিক্ষার্থীর স্কুলে ভর্তি, বিরোধ নিষ্পত্তি, কিংবা একজন ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স নবায়ন বা নতুন লাইসেন্স গ্রহণ। অনেক সময় এই বিলম্বের কারণে একজন ব্যবসায়ীকে লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। আবার চিকিৎসা বিলম্বিত হওয়ায় একজন অসুস্থ মানুষ জীবনও হারাতে পারেন।
আমার মনে হয়, জনসেবা-সংশ্লিষ্ট জরুরি কাজগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তি করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। কারণ, প্রতিটি বিলম্বের পেছনে লুকিয়ে থাকে একজন মানুষের কষ্ট, মূল্যবান সময়ের অপচয় এবং আর্থিক ক্ষতি। সংশ্লিষ্ট কর্মকর্তারা কি কখনও এই নীরব ভোগান্তির গভীরতা উপলব্ধি করার চেষ্টা করেন?
পরিবর্তনের প্রকৃত মূল্য তখনই, যখন তার সুফল সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত হয়। শুধু কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন নয়, বরং মানুষের দুর্ভোগ কমানোই হওয়া উচিত প্রকৃত পরিবর্তনের লক্ষ্য।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আমাদের তথাকথিত ডিজিটাল ব্যবস্থা এখনো পুরোপুরি ডিজিটাল হয়ে উঠতে পারেনি। অনেক সেবা অনলাইনে শুরু হলেও, শেষ পর্যন্ত সবকিছুর চাবিকাঠি রয়ে যায় একজন কর্মকর্তার স্বাক্ষরের ওপর। তাহলে হয় শতভাগ কার্যকর ই-গভর্ন্যান্স বাস্তবায়ন করা হোক, নয়তো এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হোক যেখানে মানুষের সময়, শ্রম ও ভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। পাশাপাশি উচ্চ পর্যায়ে ডিজিটাল অভিযোগ দেয়ার পদ্ধতি।
উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; উন্নয়নের প্রকৃত মানদণ্ড হলো মানুষের জীবনকে সহজ করা। আমরা বড় বড় প্রকল্প নির্মাণ করতে পারি, কিন্তু যদি সেগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, জবাবদিহি এবং কার্যকর জনসেবা নিশ্চিত করতে না পারি, তবে সেই উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।
রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে থাকা উচিত মানুষ। কারণ, একটি স্বাক্ষরের বিলম্ব কখনও কখনও একজন মানুষের স্বপ্ন, জীবিকা, এমনকি জীবনকেও থামিয়ে দিতে পারে। কক্সবাজারে ছোটখাটো আমালাদের ব্যস্ততা সবচাইতে বেশি,জনসেবার চাইতে প্রটোকল তাদের কাছে মুখ্য। এর জন্য দায়ী দুর্বল জননেতৃত্ব, দুর্বল রাজনৈতিক অঙ্গীকার।
-উপলব্ধি-
আবু মোর্শেদ চৌধুরী।
