মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ প্রিলিমিনারি (MCQ) পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন দেশের এটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার আদিবা কুদ্দুস। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেশের হাজার হাজার শিক্ষানবিস আইনজীবীর সাথে অংশ নিয়ে তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।
বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এবারের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় সারা দেশ থেকে সর্বমোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে আদিবা কুদ্দুস সহ চূড়ান্তভাবে এমসিকিউ উত্তীর্ণ হয়েছেন মাত্র ৯,২০১ জন পরীক্ষার্থী।
আইন পেশার নিয়ম অনুযায়ী, বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হয়ে দেশের যেকোনো আদালতে প্র্যাকটিস করতে হলে একজন প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ৩টি ধাপ অতিক্রম করতে হয়— নৈর্ব্যক্তিক (MCQ), লিখিত (Written) এবং মৌখিক (Viva-Voce) পরীক্ষা। আদিবা কুদ্দুস প্রথম ধাপে পাসের মাধ্যমে এখন পরবর্তী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার আইনি যোগ্যতা অর্জন করলেন।
উল্লেখ্য, বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার্থী একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি পর পর তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।
পিতা এটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে দেশের আইন অঙ্গনে কাজ করার লক্ষ্য নিয়ে আদিবা কুদ্দুস এই এনরোলমেন্ট পরীক্ষায় অংশ নিলেন। আদিবা কুদ্দুসের মাতা অগ্রণী ব্যাংকের ডিজিএম পদে কর্মরত।
