সিবিএন ডেস্ক:
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত আইনজীবী ঐক্য ফোরাম পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির ২১টি পদের সবকটিতেই বিজয়ী হয়েছেন বিএনপিপন্থি প্রার্থীরা। এর মধ্যে ১০টি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মঈনুদ্দীন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে সেলিমা খানম, সহসাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক পদে তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক পদে মো. সরোয়ার হোসাইন লাভলু এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. লোকমান শাহ নির্বাচিত হয়েছেন।
সম্পাদকীয় ১০টি পদের মধ্যে ৯টিতে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পান। সহসভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে আইনজীবী ঐক্য ফোরামের নিলুফার ইয়াসমিন লাভলী ১ হাজার ৭৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাহী সদস্যের ১১টি পদেও বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। বিজয়ীরা হলেন— আলী আকবর, দিদারুল আলম, দিলদার আহমেদ ভূঁইয়া, মো. ইকবাল হোসেন, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ হাসান, মোকতার উদ্দিন, মোমেনুল হক, সাদিয়া খান, সাইফুল ইসলাম ও শেখ মো. ফয়সাল উদ্দিন।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা মনোনয়নপত্র সংগ্রহে বাধার মুখে পড়েন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তবে ব্যালটে তাদের প্রার্থীদের নাম থাকায় ভোটগ্রহণ সম্পন্ন হয়।
মুখ্য নির্বাচন কর্মকর্তা রৌশন আরা বেগম জানান, সমিতির মোট ৪ হাজার ৫০০ ভোটারের মধ্যে ২ হাজার ১৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।