নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যমান সমস্যা মোকাবিলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।

সভায় জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য একটি কার্যকর ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং বিভিন্ন সংস্থার দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় আসে।

এলাকাটিতে স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনানুগ কার্যক্রম জোরদার করা এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, বিপিএম; সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী; চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম;সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।