সিবিএন ডেস্ক

নেপালে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন। জেন-জি বিক্ষোভে গত সেপ্টেম্বরে দেশটির সরকার পতনের পর এটিই প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনের ফলাফলে এগিয়ে আছেন কাঠমাণ্ডুর সাবেক মেয়র বালেন নামে পরিচিত বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দেশটিতে ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়া গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল দলটি।

প্রাথমিক গণনায় দেখা গেছে, সাবেক র‌্যাপার বালেন্দ্র শাহর দল আরএসপি ৯৪টি আসনে এগিয়ে রয়েছে। দেশটিতে ১৬৫টি আসনে প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে, তার ৮টিতে এগিয়ে রয়েছে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলির দল। অন্যদিকে, নেপালের সবচেয়ে পুরনো দল গগনা থাপার নেপালি কংগ্রেস এগিয়ে রয়েছে ৯টি আসনে।

নেপালের আর এক সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ডের দল এগিয়ে রয়েছে সাতটি আসনে। প্রচণ্ড নিজে রুকুম পূর্ব-১ কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন নেপালি কংগ্রেসের প্রার্থী। আর অন্য দলগুলো এখন পর্যন্ত পেয়েছে দুটি আসন।

গত সেপ্টেম্বর মাসে জেন-জি অভ্যুত্থানের জেরে নেপালে পতন হয়েছিল প্রধানমন্ত্রী ওলির সরকারের। তিন দিন পরে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিভিন্ন স্তরে আলাপ-আলোচনা শেষে নির্বাচন কমিশন ৫ মার্চ পার্লামেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেছিল। সেইমতো বৃহস্পতিবার (৫ মার্চ) নেপালে সাধারণ নির্বাচন হয়। লড়াইয়ে ছিল ৬৫টি রাজনৈতিক দল।

অভ্যুত্থানের পর থেকেই দেশটির পরবর্তী নেতৃত্বের আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে বালেন্দ্র শাহের নাম। ৩৩ বছর বয়সী শাহ বিক্ষোভকারীদের মাঝে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হয়ে উঠেছিল। গত কয়েক বছরে তিনি উদীয়মান নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন।

টাইম ম্যাগাজিনের ‘টপ ১০০ এমার্জিং লিডারস’-এ স্থান পাওয়ার পর থেকেই আলোচনায় আসেন। স্বচ্ছতা আর তৃণমূলনির্ভর রাজনীতির জন্য জনপ্রিয়তা পান বালেন্দ্র। সিভিল ইঞ্জিনিয়ার থেকে র‌্যাপার, আর র‌্যাপার থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঠমাণ্ডুর মেয়র নির্বাচনে জয় লাভ করেন বালেন্দ্র।

শহরের রাস্তা পরিষ্কার, সরকারি শিক্ষার মানোন্নয়ন এবং কর ফাঁকি দেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো উদ্যোগ তাকে ব্যাপক প্রশংসা এনে দিয়েছে।