নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১ নম্বর বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পদে দায়িত্বপ্রাপ্ত আজিজুল হককে বাদ দিয়ে নতুন প্যানেল চেয়ারম্যান অনুমোদনের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
বুধবার (৪ নভেম্বর) এ-সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্ট পক্ষকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেদওয়ান আহমেদ ও অ্যাডভোকেট রোকন উদ্দিন মোহাম্মদ ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
আদালতের আদেশের বিষয়ে ব্যারিস্টার রোকন উদ্দিন মোহাম্মদ ফারুক জানান, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর আজিজুল হককে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়।
এরপর গত ২৩ আগস্ট ইউনিয়ন পরিষদের সাতজন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন। তবে ওই সাত সদস্যের একজনের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
পরবর্তী সময়ে গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক নতুন প্যানেল চেয়ারম্যান ঘোষণার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ থেকে ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং নতুন প্যানেল গঠনের ক্ষেত্রে আইনগত শর্ত পূরণ হয়েছে কি না, তা যাচাই করে প্রতিবেদন চাওয়া হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(৪) ধারা অনুযায়ী পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কি না, তা স্পষ্ট করতে সিদ্ধান্তের কপি, সভার কার্যবিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে এর মধ্যেই গত ১৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে আইনটির ৩৩(৫) ধারার বিধান অনুযায়ী বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান প্যানেল অনুমোদন করা হয়।
মন্ত্রণালয়ের ওই অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ১৯ অক্টোবর জারি করা সংশ্লিষ্ট স্মারকের কার্যকারিতা স্থগিত করেন এবং এ বিষয়ে রুল জারি করেন।
আদালতের এ আদেশের ফলে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে আজিজুল হকের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে আপাতত আইনগত বাধা থাকছে না বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
