সিবিএন ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ‘ইসলামী মাহাজ’ নামে একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের প্রধান মো. রফিককে (৪০) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৯-এর ব্লক-সি/৫ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রফিক ওই ক্যাম্পের এফডিএমএন সদস্য। তাঁর বাবার নাম আইয়ুব।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন এপিবিএন-৮-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।
এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ক্যাম্প-৯-এর ব্লক-সি/৫ এলাকায় রফিক তাঁর দলীয় সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছেন। খবর পেয়ে এপিবিএন-৮-এর একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকসহ কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ রফিককে আটক করতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ‘ইসলামী মাহাজ’ নামে একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের প্রধান হিসেবে পরিচয় দেন বলে জানিয়েছে এপিবিএন।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রফিক জানিয়েছেন, বাংলাদেশে তাঁর সংগঠনের প্রায় ৩০০ সদস্য এবং মিয়ানমারে প্রায় ৪০০ সদস্য রয়েছে। তাঁর ও সংগঠনের সদস্যদের হেফাজতে প্রায় ৯০টি আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও তিনি দাবি করেছেন। তবে বাংলাদেশে থাকা সদস্যদের কাছে অস্ত্র রয়েছে কি না, এ বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এপিবিএন আরও জানায়, আটক রফিক একজন দুর্ধর্ষ সশস্ত্র সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক কেনাবেচা, ভয়ভীতি প্রদর্শন এবং অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য, রফিক ও তাঁর সহযোগীরা অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সংগঠনকে সুসংগঠিত করার চেষ্টা করছিলেন। পাশাপাশি ক্যাম্পে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে তাঁরা অবস্থান করছিলেন—এমন তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে এপিবিএন।
এ ঘটনায় রফিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে উখিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
এপিবিএন-৮-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন-৮ নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ইসলামী মাহাজ’ দলের প্রধান মো. রফিককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকের পর তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
