মো. আরাফাত সানি, টেকনাফ:

সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে থাকে।

এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’র ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে ২৩২ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।