ডেস্ক নিউজ
চকরিয়া থেকে অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে কক্সবাজারে ফেরার পথে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন জনপ্রিয় শিল্পী মালেক রহমান। তাঁর দাবি, রাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে চকরিয়ার মালুমঘাটের আগে এটিএন পার্ক-সংলগ্ন আর্মি চেকপোস্ট পার হওয়ার পর এ ঘটনা ঘটে।
শিল্পী মালেক রহমানের ভাষ্য অনুযায়ী, অন্ধকার ও নির্জন সড়কে তিন ব্যক্তি তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেন। এ সময় তাঁদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ও অন্যজনের হাতে ছুরি ছিল বলে অভিযোগ করেন তিনি।
এমন পরিস্থিতিতে ছোট ভাইয়ের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান শিল্পী মালেক রহমান। তাঁর ভাষ্য, সড়কটি ছিল অন্ধকার ও নির্জন, আশপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত দোকানপাট কিংবা যানবাহনও চোখে পড়েনি। ফলে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে ওঠে।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, একপর্যায়ে হামলাকারীরা তাঁর দিকে অস্ত্র তাক করলে তিনি নিজের মানিব্যাগ ছুড়ে মারেন। পরে সুযোগ বুঝে তাঁরা মালুমঘাট এলাকায় লোকজনের কাছে পৌঁছান। এ সময় হামলাকারীরা জঙ্গলের দিকে চলে যায় বলে ধারণা করছেন তিনি।
সবার দোয়ায় বর্তমানে তিনি ও তাঁর ছোট ভাই সুস্থ আছেন বলে জানিয়েছেন মালেক রহমান
