সংবাদদাতা, লামা:

বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী ১০০ পরিবারের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) লামা রিপোর্টার্স ক্লাবের হলরুমে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ১০০ জন সনাতন ধর্মাবলম্বী পরিবারের প্রতিনিধির হাতে শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারণ সম্পাদক ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিধান দাশ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক এস কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা কেন্দ্রীয় হরি মন্দির গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির কার্যকরী সদস্য বিপ্লব দাস, চুমকি বণিক ও মিন্টু কর্মকার।

অনুষ্ঠানে বক্তারা সকল ধর্মাবলম্বীর মধ্যে সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

উপহার সামগ্রী বিতরণ শেষে লামা পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম বলেন, “প্রতিবছরের ন্যায় এ বছরও লামা উপজেলায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পূর্বেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে যাব।”