সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান):
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন পূজাঁমণ্ডপ পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনি উপজেলার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার আলীকদম সদর ইউনিয়নের কেন্দ্রীয় হরি মন্দির এবং নয়াপাড়া ইউনিয়নের কেন্দ্রীয় লোকনাথ মন্দির ও বণিকপাড়া সার্বজনীন মন্দির ঘুরে দেখেন। এ সময় তিনি পূজাঁ মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজাঁ উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পূজার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সতর্ক ও প্রস্তুত থাকার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ, বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী,গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পুলিশ সুপারের আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞতা জানান।
আলীকদমে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
