এম.এ আজিজ রাসেল, সিবিএন
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকত সৃষ্টিকর্তার বিশেষ উপহার। এখানে লাখো মানুষ ঘুরতে আসেন। অনেকেই প্লাস্টিক পণ্য ব্যবহার করে সৈকতে যত্রতত্র ফেলে দেয়। তাই সৈকতে প্লাস্টিক দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে। নচেৎ এই প্লাস্টিকই একদিন দানব আকারে রূপ নিয়ে সবকিছু ধ্বংস করবে। পরিবেশ-প্রতিবেশ ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সৈকতের সুগন্ধা পয়েন্টে নির্মিত ‘প্লাস্টিক দানব ও প্রদর্শনী’ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান, অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ঘুরে ঘুরে প্লাস্টিক দানবটি দেখেন। এছাড়া প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য সামগ্রী তুলে দেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে জেলা প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। পর্যটক, জেলে ও স্থানীয়দের সচেতন করতে প্লাস্টিক বর্জ্য দিয়েই তৈরি হয় বিশাল এই দানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থীর সহযোগিতায় নির্মিত এই দানব তৈরিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বোতল, বস্তা, পলিথিন, মাছ ধরার জাল, খড়কুটোসহ বিভিন্ন ধরনের বর্জ্য। এতে ব্যবহৃত বর্জ্যের পরিমাণ প্রায় পাঁচ টন।
