পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে দীর্ঘদিন ধরে শখ করে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে হতাশ হয়ে পড়েছেন পুকুরের মালিক পশু চিকিৎসক বেলাল উদ্দিন।

তাঁর অভিযোগ, পূর্ববিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি ও স্থানীয় বাসিন্দারা।

ভুক্তভোগী বেলাল উদ্দিন পশ্চিম বাইম্যাখালী এলাকার নুরুল হোছাইনের ছেলে। তাঁর পুকুরে কাতলা, রুই, তেলাপিয়া ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। দীর্ঘদিন ধরে শখ করে মাছগুলো লালন-পালন করছিলেন তিনি। মাছগুলোও বেশ বড় হয়ে উঠেছিল। তবে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগে মাছ মরে যাওয়ায় তাঁর সেই শখ ও পরিকল্পনা ভেস্তে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। শনিবার ভোরে পুকুরের পানিতে মাছ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা বেলাল উদ্দিনকে খবর দেন। পরে তিনি পুকুরে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখেন। কিছু মাছ পানির নিচে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা কয়েকটি মাছ তুলে পুকুরপাড়ে রাখেন।
বেলাল উদ্দিন বলেন, শখ করে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলাম। মাছগুলো বেশ বড় হয়েছিল। মাঝেমধ্যে ক্যাপা জাল দিয়ে নিজেই মাছ ধরতাম। ইচ্ছা ছিল, সব মাছ একসঙ্গে ধরে প্রতিবেশীদের মধ্যেও বিলিয়ে দেব। কিন্তু পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় সেই ইচ্ছা আর পূরণ হলো না।

তিনি অভিযোগ করেন, মদন আলীর ছেলে শাহালম এর আগে তাঁকে হুমকি দিয়েছিলেন। ওই বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে তাঁর সন্দেহ। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহালমের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগটির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা এছারুল হক ও মহিউদ্দিন বলেন, ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় পুকুরের মাছগুলো দেখে তাঁদের ভালো লাগত। বেলাল উদ্দিন শখ করে মাছ চাষ করছিলেন। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় তাঁরা দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন বেলাল উদ্দিন। দীর্ঘদিনের শখের মাছ হারিয়ে তিনি এখন হতাশ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।