এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া:

কক্সবাজারের উখিয়ায় নিজ কক্ষ থেকে মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা বাজার এলাকার নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত মোহাম্মদ হানিফ রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা বাজার এলাকার আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা নিজ কক্ষে হানিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার গলায় রশি প্যাঁচানো ছিল বলে জানা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে তার গলায় রশির দাগ পাওয়া গেছে বলে জানা গেছে। পরিবারের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।