মহেশখালী প্রতিনিধি:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহীর পাড়ার মুজাহিদ (১৮) নামে এক কলেজপড়ুয়া তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে চট্টগ্রামে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মুজাহিদ উত্তর সিপাহীর পাড়া ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে মুজাহিদ ছিলেন পরিবারের সবার ছোট।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ অসুস্থ বোধ করলে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ৩ অক্টোবর মহেশখালী হাসপাতালে রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।
এরপর শুরু হয় জীবন বাঁচানোর লড়াই। একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। রক্তবমি এবং নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রামে নেয়ার পথেই মুজাহিদের মৃত্যু হয়।
মুজাহিদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকাহত স্বজনরা। মাত্র ১৮ বছর বয়সেই ডেঙ্গুর কাছে হার মানল একটি সম্ভাবনাময় জীবন, থেমে গেল পরিবারের ছোট ছেলেকে ঘিরে দেখা স্বপ্ন।
পড়াশোনা শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার এক দারুণ স্বপ্ন ছিল তাঁর। তাঁকে ঘিরে পরিবারেরও ছিল অনেক প্রত্যাশা ছিলো। কলেজ জীবন শুরু করেছিলো মাত্র, এখানে থেমে গেলো তার জীবনপ্রদীপ।
