মো. আরাফাত সানি, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা সংলগ্ন নাফ নদী থেকে গুলিবিদ্ধ এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা টেকনাফ মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, নাফ নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি এক রোহিঙ্গা যুবকের।
ওসি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং হত্যাকাণ্ডের বিস্তারিত কারণও জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নদী থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় জাদিমুরা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
