বার্তা পরিবেশক:

শিক্ষার্থীদের মানোন্নয়নে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে।
কক্সবাজার কমার্স কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড.মোহাম্মদ ছরওয়ার আলম। ১৩ অক্টোবর কক্সবাজার কমার্স কলেজের আয়োজনে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানের পর প্রধান অতিথি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে এক দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় মিলিত হন।

প্রধান অতিথি এসময় শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকনির্ভর পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে বর্তমান যুগে টিকে থাকতে নৈতিক শিক্ষা ও সৃজনশীল দক্ষতায় পারদর্শী হওয়ার আহবান জানান। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে বলেন তিনি। একইসাথে তিনি নিয়মিত ক্লাসে উপস্থিতি ও তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কক্সবাজার কমার্স কলেজের ভূমিকার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও এই প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয় এবং প্রতিটি শিক্ষার্থীদেরকে একটি করে গাছের চারা উপহার দেয়া হয়। সব শেষে কলেজ শিক্ষার্থী, বাংলাদেশ বেতার কেন্দ্র ও সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ জসীম উদ্দীনের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।