দ্রুত মেরামতের উদ্যোগ, ঘটনাস্থলে প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সমন্বিত তৎপরতা

ঝুঁকিপূর্ণ হওয়ায় রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের আদর্শগ্রাম বেইলি ব্রিজে যান চলাচল বন্ধ

প্রকাশ: ১১ জুলাই, ২০২৬ ০৬:৫১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ রামু-নাইক্ষ্যংছড়ি আঞ্চলিক সড়কের আদর্শগ্রাম এলাকার বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার (১১ জুলাই) বিকেলে ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা শনাক্ত হওয়ার পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। সঙ্গে সঙ্গে ব্রিজে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

এতে সড়কটি ব্যবহারকারী যাত্রী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা সাময়িক দুর্ভোগে পড়লেও সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বেইলি ব্রিজটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। অতি শিগগিরই মেরামতকাজ শুরু হবে। ব্রিজটি নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ, নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তারা ব্রিজের নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণকে সতর্ক করা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানে কাজ চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, “জনসাধারণের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ দ্রুত মেরামতকাজ শুরু করবে। সবাইকে ধৈর্য ধারণ এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।”

প্রশাসনের পক্ষ থেকে সড়ক ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার এবং ঘটনাস্থলে অপ্রয়োজনীয় ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ব্রিজের মেরামতকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত জনস্বার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।