নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়া সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় শহরের ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলাকায় বৃহত্তর মল্লিক পাড়া সার্বজনীন শ্রীশ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দোলন ধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, কক্সবাজার পৌর শাখার সভাপতি তপন দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজন শর্মা ও যুগ্ম সাধারণ সম্পাদক আপন মল্লিক।
বৃহত্তর মল্লিক পাড়া সমাজ উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ কুমার মল্লিকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মল্লিক। এ সময় এলাকার সামাজিক উন্নয়ন, সম্প্রীতি, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মল্লিক পাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ-২০২৬-এর সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সুবল মল্লিককে প্রধান উপদেষ্টা করে নতুন কয়েকজন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ৫১ সদস্যবিশিষ্ট কমিটিকে আরও সক্রিয় ও সম্প্রসারিত করা হয়।
সম্প্রসারিত কমিটির মাধ্যমে এলাকার সামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
