হ্যাপী করিম, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
রোববার (৮ নভেম্বর) দুপুরে প্রতিনিধি দলটি মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা, মাতারবাড়ী ও রাজঘাট এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, দেশের জ্বালানি সংকট নিরসনে সরকার মহেশখালী উপকূলে একটি এবং মাতারবাড়ীতে ল্যান্ডবেইজড আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে। আগামী দুই বছরের মধ্যে এসব এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, মাতারবাড়ীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
মুখ্য সচিব আরও বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।
বিগত সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে আগের সরকারের আমলে এসব প্রকল্প প্রত্যাশিত অগ্রগতি পায়নি। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে কাজ করছে।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
