আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আজ বুধবার (১ জুলাই) সফরে আসছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। তাঁর এ সফরকে ঘিরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সফর সফল করতে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নেতৃবৃন্দ।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৭ বছরে মামলা-হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ সময় তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
পরে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নির্বাচিত উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন রাজপুত্র সাচিং প্রু জেরী।
জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, এ সফরের মাধ্যমে নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বার্তা দেওয়া হবে। তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলা বিএনপি নেতারা দলীয় নেতাকর্মী, সমর্থক এবং আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
আজ নাইক্ষ্যংছড়ি আসছেন রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
