অনলাইন ডেস্ক :
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করে দ্রুততম সময়ে ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। একইসঙ্গে সংশোধন করা হচ্ছে শিক্ষাক্রম (কারিকুলাম) ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছেন, সম্ভব হলে ২০২৭ সাল থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর করা হবে।
বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। তবে বৈরী আবহাওয়া, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে হয়। এছাড়া উচ্চ মাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ বিরতি তৈরি হওয়ায় অনেক শিক্ষার্থী পড়াশোনার ধারাবাহিকতা হারিয়ে ফেলে।
এই বাস্তবতাকে সামনে রেখে সরকার নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “আমরা যদি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারি, তাহলে সিলেবাস, কারিকুলাম, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা—সবই শেষ হবে। এরপর শিক্ষার্থীরা জানুয়ারিতেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে। এতে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের পড়াশোনা সম্পন্ন হবে।”
শিক্ষামন্ত্রী আরও জানান, ডিসেম্বরকে অ্যাকাডেমিক বছরের শেষ মাস হিসেবে নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে। এই সময়ের মধ্যেই সব বোর্ড পরীক্ষা শেষ করে দ্রুত ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবে।
নতুন কারিকুলাম কবে থেকে কার্যকর হবে—এ বিষয়ে তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই বিশ্ববিদ্যালয়ে যেতে পারুক। কারিকুলাম নিয়ে কাজ চলছে। সম্ভব হলে ২০২৭ সাল থেকেই এটি বাস্তবায়ন করা হবে।”
তবে তিনি উল্লেখ করেন, নতুন সময়সূচি কার্যকর করা নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার সক্ষমতার ওপর।
এদিকে শিক্ষাবিদরা বলছেন, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি কার্যকর ও স্থায়ী অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা জরুরি।
