সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড় এলাকায় ‘পাড়াবনে’ অবৈধ গাছ কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার ও বৃহস্পতিবার সকালে ইউএনও মো. মনজুর আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বনের ভেতরে শ্রমিকদের ঝুপড়ি ঘর ভেঙে ফেলা হয় এবং একটি এক্সক্যাভেটর অকেজো করা হয়। ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।
ইউএনও জানান, অবৈধভাবে রাস্তা তৈরির জন্য এক্সক্যাভেটর ব্যবহার করা হচ্ছিল, সেটি অকেজো করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে, এতে স্থানীয়দের পানির উৎসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ সকালে আলীকদম সদর এলাকার দুটি করাতকলে অভিযান পরিচালনা করা হয়। ফারুকের করাতকল থেকে ৬২৫ টুকরা গোল কাঠ এবং পানবাজার এলাকার একটি করাতকল থেকে ২২১ টুকরা গোল কাঠ জব্দ করা হয়। এ সময় প্রতিটি করাতকলকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, চৈক্ষ্যং ইউনিয়নের ইস্টার্ন পার্টিক্যাল বোর্ড/ফ্লাইউড ফ্যাক্টরি থেকে প্রায় ৪ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।
বন বিভাগের তেঁইন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় বন আইনে মামলা করা হবে এবং অবৈধ করাতকলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
