২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত আবেদন, ফল ৩০ অক্টোবর
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও সর্বশেষ ধাপের আবেদন শুরু হচ্ছে আগামী ২৬ অক্টোবর। আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে আবেদন না করা শিক্ষার্থী, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থী এবং চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা নির্ধারিত সময়ে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদনের সুযোগ পাবে। ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়।
নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২ ও ৩ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদন করতে নতুন করে ২২০ টাকা ফি দিতে হবে না। এ ক্ষেত্রে ভর্তির ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।
এ ছাড়া আবেদনের সময় কোটার যোগ্যতা যাচাই করে সঠিক কোটা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়া এবং নির্বাচিত কলেজে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
