রাজনৈতিক জোট আদর্শিক জোটে রূপ নিয়েছে, দাবি পদত্যাগী নেতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল আদর্শ ও ঘোষিত লক্ষ্য থেকে বিচ্যুতির অভিযোগ তুলে দলটির সব সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আবদুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) এনসিপির আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে নিজের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগপত্রে আবদুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক জোট গঠনের মাধ্যমে এনসিপির কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত জামায়াতে ইসলামীর আদর্শের প্রভাব বিস্তার ঘটেছে। তার দাবি, রাজনৈতিক জোটের ধারণা ধীরে ধীরে আদর্শিক জোটে রূপ নিয়েছে, যা দলটির প্রতিষ্ঠাকালীন প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় বহুত্ববাদী গণতান্ত্রিক চেতনা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা নিয়ে এনসিপি গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়েছিলেন। কিন্তু দলের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্বাচন-পরবর্তী অবস্থান তাকে হতাশ করেছে।
আবদুর রহমানের অভিযোগ, ইতিহাস নিয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করলেই তাকে ‘মুজিববাদী’ তকমা দেওয়া হয়েছে। তার মতে, বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস এবং বিভিন্ন রাজনৈতিক দলের শাসনামলের ইতিহাস পৃথক বিষয়। অথচ রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে এনসিপির একাংশের অবস্থান জামায়াত-শিবিরের বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে, এতে দলের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ক্ষুণ্ন হচ্ছে।
আদর্শিক ও নৈতিক কারণে এনসিপির সঙ্গে আর পথচলা সম্ভব নয় উল্লেখ করে তিনি অবিলম্বে তার পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানিয়েছেন। তবে দলটি ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদও প্রকাশ করেছেন তিনি।
-ইত্তেফাক
