মো. আরাফাত সানি, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফে ইজিবাইকে করে পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, অভিযানকালে সন্দেহজনক তিনটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা, পাচারের কাজে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হলেও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একজন চালক পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের, জব্দ করা ইয়াবা ও ইজিবাইক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, “মাদকের ভয়াবহ বিস্তার রোধে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”