আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার একটি দল উপজেলার বাইশারী ইউনিয়নের চাই্যালাতলী এলাকার ‘ঘরম শিয়া’ নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন—বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ইসহাক মাস্টারের ছেলে আতাউল্লাহ কলিম (৩২) এবং উত্তর বাইশারীর শফি মিস্ত্রির ছেলে মো. হারুন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আটক দুইজনের চলাফেরা দীর্ঘদিন ধরে সন্দেহজনক ছিল এবং তারা প্রশাসনের নজরদারিতেও ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
